৩ কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের ধীরগতি

খানা-খন্দ, গাড়ির চাপ এবং টোল গ্রহণে দেরির কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলছে। শুক্রবার ভোর থেকে বিকেল পর্যন্ত সেতুপূর্ব টোলপ্লাজা হতে এলেঙ্গা এবং এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যানবাহন ধীরে চলতে দেখা গেছে। 
 
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের মির্জাপুর অঞ্চলের পরিদর্শক (টিআই) শাহাদৎ হোসেন সেলিম জানান, মহাসড়কের গোড়াই, ধেরুয়া রেল ক্রসিং, নাটিয়া পাড়া, পাকুল্যা, করটিয়া বাইপাস, রাবনা বাইপাস, রসুলপুর ও এলেঙ্গা এলাকায় গাড়ি ধীরগতিতে চলছে। রাস্তায় খানা-খন্দ ও উত্তরবঙ্গগামী গাড়ির চাপ বেড়ে যাওয়াই এ ধীরগতির কারণ। যান চলাচল স্বাভাবিক করতে জেলা ও হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
 
এদিকে, টোল গ্রহণে ধীরগতির কারনে সকালে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত অন্তত ১০ কি.মি. যানজটের সৃষ্টি হয়। চালকরা জানায়, মহাসড়কে তেমন যানজট না থাকলেও বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম টোল প্লাজায় এসে যানজটে পড়তে হচ্ছে। টোল আদায়ে নতুন সিস্টেম চালু হওয়ায় গাড়িগুলো সেতু পার হতে কয়েকস্থানে দাঁড়িয়ে থাকছে।
 
ইত্তেফাক/ রাজেশ