টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার শিকার জাকিয়া সুলতানা রুপার বোনের চাকরির ব্যবস্থা করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মাদ নাসিম। শুক্রবার রুপার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসানবাড়িতে স্বরণ ও শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপরাধীদের দেশের আইনানুযায়ী এমন বিচার করা হবে, যেন এই দেশে আর কোন মেয়ের প্রাণ অকালে ঝরে না যায়। আসামিদের পক্ষে কোন উকিলকে না দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এছাড়া গ্রেফতারকৃত অাসামিদের দ্রুত বিচার আইনে চরম শাস্তির ব্যবস্থা করার জন্য আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ হান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহাম্মেদ প্রমুখ।
ইত্তেফাক/ রাজেশ