কটিয়াদীতে গণপিটুনিতে ডাকাত নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব ভিটাদিয়া গ্রামে। সৌদী প্রবাসী দুলাল মিয়ার বাড়িতে শুক্রবার ভোর রাতে একদল ডাকাত ঘরের বারান্দার গ্রিল কেটে প্রবেশ করে। তারা বরান্দার ছোট কক্ষে থাকা গৃহকর্তার নাতি সাব্বিরের (১০) গলায় ছুরি ধরে ঘরের দরজা খুলতে বাধ্য করে। এ সময় ডাকাতের ছুরির আঘাতে সাব্বির (১০) ও তার নানি সাহেরা (৫২) আহত হয়।

তাদের আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে অজ্ঞাতনামা ডাকাত (৩০) কে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদেরকে চিকিৎসার জন্য  কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এক ডাকাতকে আটক করা হয়েছে।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, নিহত অজ্ঞাত ডাকাতের নাম মামুন। সে এক সপ্তাহ আগে তার স্ত্রীকে নিয়ে খোকন ডাকাতের বাড়িতে বেড়াতে আসে। সে সময় প্রবাসী দুলাল মিয়ার বাড়িটি রেকি করে যায়।

প্রবাসী দুলালের স্ত্রী আহত সাহেরা খাতুন বলেন, ডাকাতরা গ্রিল কেটে আমার ঘরে ঢুকে আমাকে ও আমার নাতিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও জিম্মি করে।

এডিশনাল এসপি জামাল উদ্দিন বলেন, খোকন মিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতির জন্য ডাকাতদের হায়ার করে নিয়ে আসে প্রাথমিক তদন্তে খোকন ঘটনার কথা স্বীকার করে।

কটিয়াদী থানার ওসি জাকির রব্বানী বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অন্যান্য ডাকাতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। নিহত ডাকাতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু