খুলনায় শনিবার সকাল ৮টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন টাউন জামে মসজিদের পেশ ইমাম ও খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি নির্যাতিত রহিঙ্গাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
জামাতে অংশগ্রহণ করেন- খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, জেলা প্রশাসক আমিন উল আহসান, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী-শিল্পপতি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এদিকে, বৃষ্টির কারণে টানা ৫ ঈদের জামাত অনুষ্ঠিত হতে পারেনি খুলনা সার্কিট হাউজ ময়দানে। এবার সেখানে ঈদুল আযহার নামাজ পড়তে পেরে খুশি মুসল্লিরা ভীষণ খুশি।
এদিকে, সকাল সাড়ে ৮টায় খুলনা কালেক্টের জামে মসজিদে, সকাল সাড়ে ৯টায় টাউন জামে মসজিদে, সকাল ৭টা ১৫ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর বসুপাড়া ইসলামাবাদ কমিউনিটি সেন্টার ঈদগাহ, লায়ন্স স্কুল এন্ড কলেজ ঈদগাহ মাঠ, খুলনা আলীয়া মাদ্রাসা, বায়তুন নুর জামে মসজিদ, রূপসা বায়তুশ শরফ জামে মসজিদ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা বায়তুল্লাহ জামে মসজিদ, নিরালা আবাসিক এলাকা ঈদগাহ, খানজাহান নগর খালাসী মাদ্রাসা ঈদগাহ, দৌলতপুর ঈদগাহ এবং খালিশপুর ঈদগাহ ময়দানসহ নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আযহার নামাজ উপলক্ষে নগরীর প্রতিটি ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে মুসল্লিরা একে-অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
ইত্তেফাক/জামান