কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করার দায়ে ২৫ জন দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এরমধ্যে ১ জনকে ১৫ দিনের ৩ জনকে ১ মাসের এবং ২১ জনকে ৬ মাস করে বিনাশ্রম সাজা দেয়া হয়েছে। তাছাড়া শাহপরীরদ্বীপে বিক্ষুব্ধ জনতা ৩টি ট্রলার পুড়িয়ে ধ্বংস করেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক এবং টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা পৃথকভাবে দণ্ডাদেশ প্রদান করেন। টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা শুক্রবার রাতে ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহপরীরদ্বীপসহ বিভিন্ন এলাকায় পুলিশ ও কোস্টগার্ডসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এদেরকে আটক করা হয়েছে বলে জানা গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশণার (ভূমি) প্রণয় চাকমা জানান, টাকার বিনিময়ে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং একাধিক নৌকা ডুবির ঘটনায় ব্যাপক প্রাণহানিতে শাহপরীরদ্বীপের বিক্ষুব্ধ জনতা ৩টি ট্রলার পুড়িয়ে ধ্বংস করেছে। এদিকে শাহপরীরদ্বীপ ছাড়াও উপজেলার হ্নীলা, হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অর্থের বিনিময়ে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
ইত্তেফাক/জামান