হাটহাজারীতে লেগুনা উল্টে খালে, অন্তঃসত্ত্বাসহ আহত ১৫

 
চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী একটি লেগুনা উল্টে খালে পড়ে মাহফুজা বেগম (১৯) নামে অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টায় হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের আলাওল দীঘির দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে জাকের হোসেন (৩৭), বাতাসি বেগম (৩০), ওহিদা বেগম (৪০), বেলী বেগম (২৫), মঞ্জুর আলম (৩৮), মো. শান্ত (১১), হাবিবা (৪), এরশাদ (২২) মিনারা বেগম (৩৫) এর নাম পাওয়া গেছে। মাহফুজা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহততরা সবাই হাটহাজারী উপজেলাধীন ফতেয়াবাদ এলাকার একটি কলোনিতে বসবাস করে।
 
সূত্র জানায়, লেগুনাটি চৌধুরী হাট থেকে ৩৪জন যাত্রী নিয়ে রাউজান উপজেলার গহিরা যাচ্ছিলো। বেপরোয়া গতিতে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে আলাওল দীঘির দক্ষিণ পাড়ের মহাসড়কের বাঁকে থাকা বেশ কয়েকটি নিরাপত্তার খুঁটি উপড়ে উল্টে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। স্থানীয়রা, পুলিশ ও হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চৌধুরীহাট ক্লিনিকে প্রেরণ করেন।
 
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা জানান, একজন অন্তঃসত্ত্বা মহিলাসহ ৯জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্তঃসত্ত্বা নারীকে চমেকে প্রেরণ করা হয়েছে। থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত লেগুনাটি উদ্ধারের জন্য রেগার আনা হচ্ছে।
 
ইত্তেফাক/জামান