দানের মাংসে শাবনুর ও শাহনাজের ঈদ আনন্দ

মানিকগঞ্জ শহরের মানুষ বিনোদনের জন্য আসেন বেউথা ব্রিজে। সেই ব্রিজ সংলগ্ন বস্তির শতাধিক বাসিন্দার ঈদ কেটেছে অর্ধাহারে।

আজ শুক্রবার দুপরে সরেজমিনে সেই বস্তিতে গিয়ে দেখা যায় বেশিরভাগ ঘরই বন্ধ। জানা যায়, শিশু বৃদ্ধসহ বেশির ভাগ বস্তিবাসী সকালে কোনরকম পান্তা খেয়ে বের হয়েছে কোরবানীর মাংস সংগ্রহ করতে।

পুনরায় রাত ১০টায় আবার যাওয়া হয় সেই বস্তিতে। একটি ঘরে তখন মনোয়ারা বেগম তার দুই মেয়ে শাবনুর(১৬) ও শাহনাজের(১০) সংগ্রহ করা মাংস পরিষ্কার করছেন। পাশে শাহনাজের দুই মেয়ে ক্ষুধায় কাতরাচ্ছেন। একটু পরেই রান্নায় বসলেন শাহনাজ।

শাহনাজের স্বামী মোজাফ্ফর একজন দিনমজুর। শাহনাজ জানান অভাবের তাড়নায় মেয়েদের কখনোও বিদ্যালয়ের কাছেই নিতে পারেননি। নতুন জামাতো দূরের কথা শাবনুর ও শাহনাজ সকালে একটু খিচুড়ি খেয়েই বের হয়েছিল কোরবানীর মাংস সংগ্রহ করতে। আজ কতদিন পর আজ তারা মাংস খাবে এখন সেই মাংস রান্না হলে।

শুধু শাহনাজ ও শাবনুর নয়, বস্তিটিতে রয়েছে তাদের মত অনেকে। অনিশ্চতায় দিন কাটছে ওদের। সারাদিই শহরের বিভিন্ন প্রান্তে দেখা গেছে বিভিন্ন বয়সের মানুষকে কোরবানীর মাংস সংগ্রহ করতে। এদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।

প্রশ্ন করা হয় শাবনুর ও শাহনাজকে তোমরা কেন লেখাপড়া করা না? তারা শুধু তাকিয়ে ছিল নির্বিকার! চোখে ছিল টলমলে পানি! বস্তির শতাধিক শিশুর আজ এভাবেই কেটেছে ঈদ। ছিল না ওদের কোন ঈদের নামাজ, ছিল না নতুন জামা, ছিল না কোন ভাল খাবার।

ইত্তেফাক/নূহু