কুষ্টিয়ার মিরপুরে সুমন আহমেদ (৩৫) নামে ভুয়া এনএসআই পরিচয় দানকারী একজন আটক হয়েছে। রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে তাকে আটক করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন। আটক সুমন আহমেদ নাটোর জেলার বাগাদীপাড়া উপজেলার রহিমানপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
মিরপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম বলেন, সুমন নামে এক ব্যক্তি অফিসে এসে মুক্তিযোদ্ধাদের মধ্যে কারা ভাতা পান না, কোন মুক্তিযোদ্ধারা তালিকা থেকে বাদ পড়েছেন এসব কাগজপত্র চান। এ সময় আমার সন্দেহ হলে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। সুমনের কাছে অনেক কাগজপত্র, প্রায় ৫০ হাজার টাকা ও একটি খেলনা পিস্তল ছিল।
আরো পড়ুন: নিজ বাড়িতে ভারতীয় সেনাকে গুলি করে হত্যা
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আটককৃত সুমন সরকারী পরিচয় প্রদান করে বিভিন্ন অফিসে প্রতারণা করে আসছিল। রবিবার দুপুরে মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে নিজেকে এনএসআই এর একজন কর্মকর্তা দাবি করে মুক্তিযোদ্ধাদের কাগজপত্র দেখতে চান। পরে মুক্তিযোদ্ধাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করা হয়।
ওসি আবুল কালাম জানান, সরকারী লোক পরিচয় প্রদান করে প্রতারণার অভিযোগে সুমন আহমেদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/জেডএইচ