উ. কোরিয়ার পারমাণবিক পরীক্ষার নিন্দায় যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া নতুন করে পারমাণবিক পরীক্ষা করায় এর কঠোর নিন্দা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে দেয়া এক পোস্টে বলেন, উ. কোরিয়ার কথা ও কার্যক্রম খুব প্রতিহিংসাপরায়ণ ও বিপজ্জনক।
 
এর আগে রবিবার উ. কোরিয়া দাবি করে তারা সফলভাবে একটি হাইড্রোজেন বোমা পরীক্ষা করতে পেরেছে যা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে স্থাপন করে নিক্ষেপ করা সক্ষম। উ. কোরিয়া আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে যার অনেকগুলো মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে ধারণা করা হয়।
 
পারমাণবিক পরীক্ষার নিন্দা করে ট্রাম্প বলেন, উ. কোরিয়া একটি দুষ্ট রাষ্ট্র যেটি চীনের জন্য (উ. কোরিয়ার প্রধান মিত্র) হুমকি ও বিব্রতকর বিষয়ে পরিণত হয়েছে। তিনি যোগ করেন, দ. কোরিয়ার শান্তি আলোচনায় কোনো লাভ হয়নি। এছাড়া দ. কোরিয়া, চীন, রাশিয়া উ. কোরিয়ার পারমাণবিক পরীক্ষার নিন্দা করেছে। বিবিসি। 
 
ইত্তেফাক/সাব্বির