ভোলায় বিদেশি মদ ও বিয়ারসহ আটক ২

ভোলায় ১৭ বোতল বিদেশি মদ ও বিভিন্ন ব্রান্ডের ৩৭২ ক্যান বিয়ারসহ মো. মাইনুদ্দিন ও মো. মজিবর নামের দুইজনকে আটক করেছে র‌্যাব-৮। রবিবার দুপুরে র‌্যাব-৮ এর আওতাধীন ভোলা ক্যাম্পের সদস্যরা ভোলা মডেল থানা ও ভোলা পুলিশ সুপার অফিস সংলগ্ন  ভোলা ক্লাব থেকে এদের আটক করা হয়। 

এ সময় ভোলা ক্লাবের আলমারি থেকে ১৭ বোতল বিদেশি মদ ও ৩৭২ ক্যান বিয়ার জব্দ করা হয়। আটক মো. মাইনুদ্দিন সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামের নজির আহমেদের ছেলে ও মো. মজিবর উপজেলার বাপ্তা ইউনিয়নের মো. ইউনুছের ছেলে। এরা দুইজন দীর্ঘ দিন ধরে ভোলা ক্লাবে অবৈধভাবে মাদক ব্যবসা করে আসছে বলে জানায় র‌্যাব। 

র‌্যাব সদস্যরা আরও জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার সামনে ভোলা ক্লাবে অভিযান চালানো হয়। এসময় ক্লাবের ভেতর থেকে মো. মাইনুদ্দিন ও মো. মজিবর নামের দুই জনকে আটক করা হয়। 

এ সময় তল্লাশি চালিয়ে একটি কাঠের আলামারি থেকে ১৭ বোতল বিদেশি মদ ও বিভিন্ন ব্রান্ডের ৩৭২ ক্যান বিয়ার জব্দ করা হয়। 

আরও পড়ুন: এ মাসেই হামলা চালাবে ভারত: পাকিস্তান

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার এএসপি ইফতেখারুজ্জামান জানান, আটক মো. মাইনুদ্দিন ও মজিবরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ভোলা থানায় সোপর্দ করা হয়েছে।  

ইত্তেফাক/কেকে