কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশা চাকায় ওড়না পেঁচিয়ে রেখা খাতুন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার গেটের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাঠাবধুয়াপাড়া গ্রামের আশরাত আলী মেয়ে। ঈদ উপলক্ষে সে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের দুলাভাই দুলাল হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে দুলাভাইয়ের বাড়ি থেকে অটোরিকশা যোগে অন্যান্যদের সঙ্গে গেটের বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল রেখা খাতুন। অটোরিকশাটি গেটের বাজার এলাকায় পৌছলে রেখার ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে শ্বাসরোধ হয়ে মারাত্বক আহত হয় রেখা। স্বজনরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে দুপুর দেড়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, অটোরিকশার চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/কেকে