জীবননগর উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বহু গাছপালা ও ডাল ভেঙ্গে পড়েছে। ঝড়ের মধ্যে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মাথার ওপর গাছ ভেঙ্গে পড়ে ডিশ নেটওয়ার্ক ব্যবসায়ী মনির হোসেন (৩৫) নিহত হয়েছেন।
নিহত মনির হোসেন চোরপোতা তেঁতুলিয়ার বাসিন্দা পাথিলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। ঝড়ের তাণ্ডবে গাছপালার ডাল ভেঙ্গে পড়ে অনেক গ্রামীণ রাস্তা ব্লক হয়ে পড়ে। ফলে চলাচল বিঘ্নিত হয়ে পড়ে।
ঝড়ে অনেক কাঁচা-পাকা বাড়ির চালা উড়ে গেছে। ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ায় অন্ধকারে নিমজ্জিত হয় এ উপজেলা। ঝড়ের কবলে পড়ে ইরি ধানসহ উঠতি ফসল, আমের গুটি ও সজিনার ডাটার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
আরও পড়ুনঃ ভূরুঙ্গামারীতে জেলের জালে ৪২ কেজি ওজনের বাঘা আইড়
ডিসকভারী ডিস নেটওয়ার্কের স্বত্বাধিকারী ফয়সাল খবির ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু