আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগকে শক্তিশালী করতে দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বিকেল ৩টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা তীরবর্তী ভাঙন কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সাজেদা চৌধুরী বলেন, আওয়ামী লীগ সব সময়ই সফলতর যে কোন দুর্যোগ সফলভাবে মোকাবেলা করেছে। তাই এইবারও নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে। ফলে কোনো দুর্গতরা না খেয়েও কষ্ট পাবে না।
শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক ডেপুটি স্পিকার ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাভানা আক্তার, জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক প্রমুখ।