দৌলতদিয়ায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট

 
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নাব্য সংকটের কারণে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। তাই ওই অঞ্চলের যানবাহন দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ব্যবহার করছে। ফলে দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে ফেরি ঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজারের পদ্মার মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট লক্ষ্য করা গেছে।
 
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিস জানায়, ঈদের ছুটি শেষে কর্মমুখী মানুষ রাজধানীতে ফিরতে শুরু করায় সোমবার সন্ধ্যার পর থেকে দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বাড়তে থাকে।
         
মঙ্গলবার বিকেলে দেখা যায়, ফেরি ঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার পদ্মার মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার শুধু যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি লম্বা লাইনে আটকে রয়েছে। ফেরির জন্য অন্তত ৬-৭ ঘণ্টা করে অপেক্ষা করতে হচ্ছে চালকদের।
 
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৯টির মধ্যে ছোট-বড় ১৮টি ফেরি চলছে। ইঞ্জিনের সমস্যার কারণে একটি রো রো ফেরি  মঙ্গলবার সকাল থেকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রয়েছে। খুব  শিগগিরই তা ঠিক হয়ে যাবে।
 
এছাড়া শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের রো রো ফেরি ‘এনায়েতপুরী’ ও কে-টাইপ ‘ক্যামেলিয়া’ বুধবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আসার কথা রয়েছে। যদি সব ঠিক থাকে তাহলে এখানে মোট ২১টি ফেরি চলবে। এতে যানবাহনের চাপ স্বাভাবিক হয়ে আসবে।
 
ইত্তেফাক/ রাজেশ