কুষ্টিয়ায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রণালয়ের মহা-পরিচালক

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত মহা-পরিচালক আফজাল হোসেন। সোমবার সকালে তিনি উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের পদ্মা নদীর ভাঙনকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ভাঙনকবলিত এলাকা পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মণ্ডল, জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মণ্ডল বলেন, প্রায় দেড় যুগ যাবৎ নদী ভাঙনের ফলে এ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনের ফলে ক্রমেই আমাদের ইউনিয়নের আয়তন ছোট হয়ে আসছে।