কিশোরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, আটক ৮

 
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের ভেতরের একটি কক্ষ থেকে আল আমিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। তিনি বড়ভিটা ইউনিয়নের আজিজার রহমানের ছেলে বলে জানা গেছে। 
 
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে আল আমিন তার শ্বশুর বাড়িতে গেলে সেখানে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে আটকে রেখে নির্যাতন করছে। এমন খবর পেয়ে পুলিশ পাঠিয়ে আল আমিনকে উদ্ধার করতে যায়। এ সময় তার শ্বশুর বাড়ির লোকজন জানায়- আল আমিন তার বাড়িতে চলে গেছে। কিন্তু ঘটনার ৫ ঘণ্টা পর মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাব আমাকে ফোন করে জানায়, যে ইউনিয়ন পরিষদের ভেতরের কক্ষে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা এখন বলা যাচ্ছে না। তবে এ ঘটনায় আল আমিনের চার শ্যালকসহ আটজনকে আটক করা হয়েছে।
 
আটকরা হলেন- চার শ্যালক রোকন (২৫), রুবেল (২২), রিপন (২৮)। নিশাত (২৪) আব্দুল লতিফ ও হামিদুল ইসলাম নামে দুই গ্রাম পুলিশ, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার দুলু মিয়া। ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড সদস্যের স্বামী চাঁদ মিয়া।
 
ইত্তেফাক/কেকে