সেনবাগে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামে ৩য় শ্রেণির এক স্কুলছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে। গত শনিবার দুপুরে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিলো। পথে একই এলাকার সিএনজিচালক রাজন তাকে বাড়ি পৌঁছে দেবে বলে পার্শ্ববর্তী নুর নবীর গ্যারেজে নিয়ে ধর্ষণ করে।

এ সময় ওই স্কুল ছাত্র্রী চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে ধর্ষক রাজনকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে রাজনের আত্মীয় মিজান ও আলমগীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী এলাকাবাসীর ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। 

খবর পেয়ে সেনবাগ থানার এসআই গৌর সাহার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গাবতলী বাজার নামক স্থানে অভিযান চালিয়ে ধর্ষক রাজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) সেনবাগে এসে ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। ধর্ষক রাজনের বাড়ি উপজেলার বসন্তপুর গ্রামে। সে ওই গ্রামের আশ্রাফ আলী ব্যাপারী বাড়ির মোঃ সফি উল্লাহ ছেলে।

এলাকাবাসী রক্তাক্ত ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। ওই স্কুলছাত্রী বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।

আরও পড়ুনঃ মেহেরপুরে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষককে গ্রেফতার, ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে (মামলা নং- ৬ তারিখ ০৭-০৪-১৯ ইং) মামলা করেছেন। ধর্ষককে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে ভিকটিমকে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/নূহু