রাখাইনের সব মানুষকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে, দাবি সু চির

মিয়ানমারের নেত্রী অং সান সু চি বলেছেন, রাখাইন প্রদেশের পরিস্থিতি নিয়ে প্রচুর ভুয়া তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, এই মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে ‘জঙ্গি’দের স্বার্থ বাস্তবায়িত হচ্ছে।
 
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানকে ফোনে এ কথা বলেছেন বলে জানিয়েছে তার কার্যালয়। গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া সংঘাতে ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। 
 
বিবৃতিতে বলা হয়, সু চি এরদোয়ানকে বলেছেন- মিয়ানমার সরকার ইতিমধ্যে রাখাইনের সব মানুষের নিরাপত্তা দেয়ার কাজ সর্বোত্তমভাবে করার চেষ্টা করছে। সু চির বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, আমরা জানি মানবাধিকার ও গণতান্ত্রিক সুরক্ষা বিহীন অবস্থায় কি পরিস্থিতির সৃষ্টি হয়। তাই আমরা সব মানুষের সুরক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ করি। সেটা শুধু রাজনৈতিক নয় বরং সামাজিক এবং মানবিকও।
 
বিবৃতিতে বলা হয়, ভুয়া সংবাদের ছবি ব্যবহার করে পরিকল্পনামাফিকভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘাতকে উসকে দেয়ার চেষ্টা করা হচ্ছে যাতে প্রকৃতপক্ষে জঙ্গিদের উদ্দেশ্য হাসিল হচ্ছে। বিবিসি। 
 
ইত্তেফাক/সাব্বির