তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠিরা আর পিছিয়ে নেই, তাদেরকে মূল জনগোষ্ঠীর কাতারে এনে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এসব জনগোষ্ঠির মধ্যে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত তাদের চাকরির জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছেন।
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে ২০১৬-১৭ অর্থ বছরে সিংড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩১৭জন ছাত্র-ছাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ৩ লাখ ৭২ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন সাদ্দাম, জুনাইদ হাসান জয়, বাপ্পি প্রমুখ।
এরপর পলক উপজেলা কৃষি ভবন হলরুমে আইসিটি ও আইন শৃংখলা কমিটির সভায় অংশ গ্রহণ করেন।