নবাবগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে বিএনপি নেতার হামলা: আহত ৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়ায় বক্সনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মুনসুর মিয়ার নেতৃত্বে ঐ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক খন্দকারের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে যুবলীগ নেতাসহ ৩জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ যুবলীগ নেতা থানায় অভিযোগ করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে যুবলীগ নেতা ফারুকের চাচাতো ভাই রাহাত পাওনা টাকা চাইতে যায় বিএনপি নেতা মুনসুরের ভাই রনির কাছে। এ সময় মুনসুর ও রনি ক্ষিপ্ত হয়ে রাহাতকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে বাড়িতে এসে রাহাতসহ যুবলীগ নেতা ফারুক ও তার বড় বোন রিনা আক্তারকে পিটিয়ে আহত করে মুনসুর-রনিরা। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আহত রিনা আক্তার বলেন, আমি ঘটনার কিছুই জানি না কিন্তু মুনসুর ও রনি আমাকে অযথা পিটিয়ে আহত করে। আমি এর বিচার চাই। আহত যুবলীগ নেতা ফারুক বলেন, মুনসুর একজন রাজাকারের সন্তান। তারা জামাতের কর্মী। সে ও তার পরিবার আওয়ামীলীগকে সহ্য করতে পারে না। বিধায় আমাদের ওপর এ হামলা করেছে।

বিএনপি নেতা মুনসুর মিয়া মুঠোফোনে হামলার ঘটনাটি অস্বীকার করে বলেন, আমাকে ও আমার পরিবারকে হেয় করার জন্য রাজনৈতিক প্রতিহিংসা বসত মিথ্যা অভিযোগ করেছেন।

নবাবগঞ্জ থানার উপ-পরির্দশক আশরাফুল আলম তালুকদার জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/নূহু