ফুলবাড়ীয়ায় সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষিত

 
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের হুরবাড়ী গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসা সপ্তম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। ধর্ষিতা ঐ ছাত্রীকে অজ্ঞান অবস্থায় ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
মঙ্গলবার রাতে ঘটনা ঘটলেও ধর্ষক এখনো পলাতক রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মাষ্টার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 
 
মঙ্গলবার সকালে এ ছাত্রী তার ছোট ভাইয়ের সঙ্গে নিশিন্দারপাড়া গ্রামের মোজাফর হোসেন নামে তার নানার বাড়ি বেড়াতে যায়। মঙ্গলবার রাত ৯টার দিকে ওই শিক্ষার্থীকে একই গ্রামের রাশেদ নামের এক বখাটেসহ ৫/৬ জন শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে রাত ১২ টার দিকে নানার বাড়ির গোয়াল ঘরের পেছনে শব্দ শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাতেই অজ্ঞান অবস্থায় ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 
 
ধর্ষিতার বড় ভাই বলেন, আমার ছোট বোন ধর্ষিতা হয়ে হাসপাতালের বিছানায় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। উজ্জল মেম্বার বিচারের নামে প্রহসন করছে। আমি আমার বোনের ধর্ষণের বিচার চাই। 
 
ফুলবাড়ীয়া থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, বিষয়টি তিনি শুনেছেন। এখনো থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 
 
ইত্তেফাক/কেকে