ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঘরে মাদক সেবনে বাধা দেয়ায় আফজাল হোসেন বাবু (২৫) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকসেবী মিজান (৩২)। আফজাল হোসেন বাবু ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। মাদকসেবী মিজান একই গ্রামের মিনাজ উদ্দিনের ছেলে বলে জানা যায়।
উপজেলার বক্সনগর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্র জানায়।
পুলিশ জানায়, আফজালের পরিবারের লোকজন কয়েকদিন আগে বেড়াতে যায়। তিনি বাড়িতে একাই ছিলেন। বুধবার রাত ৮টার দিকে ঘরের দরজায় ছিটকিনি দিয়ে বাড়ির পাশে অবস্থান করছিলেন আফজাল। কোন এক সময় ঘরে ঢুকে ইয়াবা সেবন করছিল মাদকসেবী মিজান। আফজাল ঘরে ঢুকে মিজানকে বকাঝকা করেন। পরে তাকে শাড়ি কাপড় দিয়ে হাত-পা, মুখ বেঁধে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজান। আফজাল আহতাবস্থায় প্রতিবেশীর বাড়িতে যান।
প্রতিবেশীরা জানান, এলাকাবাসী তাকে আহতাবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠান। রাত সাড়ে ১১টার দিকে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আফজালের মামাতো ভাই আল-মিরাজ বলেন, নিরপরাধ আফজালকে ছুরিকাঘাতে হত্যা করেছে মিজান। আমি হত্যাকারীর বিচার চাই।
নবাবগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আনসারী জিন্নাত আলী জানান, এব্যপারে আইনগত প্রক্রিয়া চলমান।
ইত্তেফাক/ অার