রাজধানীর মিরপুর মাজার রোডের বর্ধনবাড়ি এলাকার জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া সাত মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।
ডা. সোহেল মাহমুদ বলেন, বোমা বিস্ফোরণের পর আগুনে পুড়ে সাতটি মরদেহ কয়লা হয়ে গেছে। আছে দেহের ধ্বংসাবশেষ ও কিছু হাড়। ধ্বংসাবশেষ থেকে বোমার স্প্রিন্টার, লোহা, টিনের টুকরা ও টর্চলাইটের কিছু অংশ পাওয়া গেছে।
এর আগে বুধবার র্যাব সদস্যরা ওই জঙ্গি আস্তানা থেকে দুর্ধর্ষ জঙ্গি আব্দুল্লাহ, তার দুই শিশু সন্তান, দুই স্ত্রী ও দুই সহযোগীর লাশ উদ্ধার করে।
মঙ্গলবার রাতে পরপর তিনটি বড় ধরনের শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কক্ষে থাকা অন্যান্য বিস্ফোরক দ্রব্য চারিদিকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। বিস্ফোরণের পর ওই কেমিক্যালে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে জঙ্গি আব্দুল্লাহসহ তার দুই সহযোগী, দুই স্ত্রী ও দুই সন্তান পুড়ে কয়লা হয়ে যায়। এতে ভবনের পঞ্চমতলার জানালার থাইগ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। পঞ্চমতলার মেঝেতে ফাটল তৈরি হয়। লাশগুলোর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় র্যাব। বাসস
ইত্তেফাক/এমআর