বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার চরম অমানবিক। এরা পাষাণ হয়ে গেছে। মানবতার পক্ষে নেই তারা। প্রাণের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় পর্যন্ত দিচ্ছে না। তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। অথচ গোটা দেশের মানুষ রোহিঙ্গাদের পক্ষে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে সাবেক অর্থমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ স্মরণসভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, সুবিধাবাদী অবস্থান না নিয়ে মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করুন। মিয়ানমার সরকারকে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে বাধ্য করতে হবে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে বিএনপি মানববন্ধন করবে, আশঙ্কা হচ্ছে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় কিনা? তারা সভা-সমাবেশের ডাক দিলেই নিজেরা সংঘর্ষে লিপ্ত হয়- এর দায় চাপায় আওয়ামী লীগের উপর।’ উনার বক্তব্যটা একটা অশনি সংকেত। তার এ কথায় বোঝা যায় তাদের (আওয়ামী লীগ) মাথায় অন্য কোনো পরিকল্পনা আছে।’
এম সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি