মুন্সীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলে বজ্রপাতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে দাতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীর তীরে এই দুর্ঘটনা ঘটে। এতে কলেজ ছাত্র হৃদয় দাস (১৯) নিহত হয়। আহত হয় লিজা আক্তার (১৬), রোজিনা বেগম (৩০), জীবন ঢালী এবং মো. রিয়াদ। আহতদের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত হৃদয় দাস হাসাইল গ্রামের শিবু দাসের পুত্র। সে টঙ্গীবাড়ি বিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
হতহতরা নদীর তীরে ঘুরতে গিয়েছিল। হালকা বৃষ্টিপাতের সময় নদীর তীরে দাড়িয়ে ছিল। চারদিক হালকা অন্ধকার ও মাঝে মাঝে আলো জ্বলে উঠে। হঠাৎ বিকট শব্দে চার দিক কেঁপে উঠে এবং তাদের সামনে আলোক রশ্মি এসে গায়ে লাগে। প্রথমে পাঁচজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হৃদয় দাসকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকি চারজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইত্তেফাক/নূহু