‘রোহিঙ্গা ইস্যুতে সরকার সুবিধাবাদী ভূমিকায়’

 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার চরম অমানবিক। এরা পাষাণ হয়ে গেছে। মানবতার পক্ষে নেই তারা। প্রাণের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় পর্যন্ত দিচ্ছে না। তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। অথচ গোটা দেশের মানুষ রোহিঙ্গাদের পক্ষে। আওয়ামী সরকার মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় সুবিধাবাদী ভূমিকা পালন করছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে সাবেক অর্থমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ স্মরণসভার আয়োজন করে।
 
মির্জা ফখরুল সরকারের উদ্দেশ্যে বলেন, সুবিধাবাদী অবস্থান না নিয়ে মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করুন। মিয়ানমার সরকারকে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে।
 
আজ শুক্রবার রোহিঙ্গা ইস্যুতে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল।
 
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে বিএনপি মানববন্ধন করবে, আশঙ্কা হচ্ছে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় কিনা? তারা সভা-সমাবেশ ডাক দিলেই নিজেরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় এর দায় চাপায় আওয়ামী লীগের উপর।’ উনার বক্তব্যটা একটা অশনি সংকেত। তার এ কথায় বুঝা যায় তাদের (আওয়ামী লীগ) মাথায় অন্য কোনো পরিকল্পনা আছে।’
 
তিনি বলেন, আওয়ামী লীগ নিজেরাই সংঘর্ষে লিপ্ত হচ্ছে। প্রতিনিয়ত খবরের কাগজ খুললে তা দেখা যায়। বুধবারও নোয়াখালীতে নিজেদের মধ্যে গুলোগুলি করেছে। অনেকেই আহত হয়েছেন।
 
সাইফুর রহমানের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, যাকে আমরা অর্থনীতির পথিকৃৎ বলি তিনি হলেন জনাব সাইফুর রহমান।
 
এম সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ।
 
ইত্তেফাক/এমআর