হবিগঞ্জে নৌকাডুবি: আরেক লাশ উদ্ধার

 
হবিগঞ্জে নৌকা ডুবির ঘটনায় আইনুল হক নামে আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ফজরের আজানের সময় বানিয়াচং উপজেলার রতনপুর গ্রামে খোয়াই নদীতে লাশটি ভেসে উঠে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ফজরের সময় রতনপুর গ্রামের একদল জেলে মাছ ধরার জন্য খোয়াই নদীতে যায়। তারা লাশটি দেখে এলাকায় খবর দিলে শাহপুর গ্রামের আইনুলের শ্বশুর বাড়ির লোকজন এসে লাশটি শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দেয়া হয়।
 
হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনুল হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার নজির মিয়ার ছেলে।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে আইনুল নৌকায় করে বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনা ঘটে। -বাসস।
 
ইত্তেফাক/জামান