র‌্যাবের মারপিটে যুবকের মৃত্যু, দাবি পরিবারের

 
নওগাঁর মান্দায় র‌্যাবের মারপিটে জিএস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। কিন্তু র‌্যাব বলছে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।
 
শনিবার ভোর রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিএস'র মৃত্যু হয়। তিনি মান্দা উপজেলার কৈব্যতপাড়ার আনিছুর রহমান ছেলে। জিএস কৃষি কাজ করতেন।
 
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার সিংহিহাটে জিএসকে হঠাৎ করে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা আটক করেন। এরপর তাকে রাত আড়াইটা পর্যন্ত ব্যাপক মারপিট করা হয়। এতে জিএস অসুস্থ হলে তাকে রাতেই রামেকে ভর্তি করা হয়। সেখানে মারা গেছে।
 
নিহতের বাবা আনিছুর রহমান জানান, তার বিরুদ্ধে কোন মামলা ও কোন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নেই। তবে গত কয়েক মাস হঠাৎ পল্লী বিদ্যুতের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে আটক করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
 
এদিকে র‌্যাব-৫ দাবি করেছে, তার কাছ থেকে ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার কাছে থেকে আরো অস্ত্র ও গুলি উদ্ধার করার সময় জিজ্ঞাসাবাদ করার এক সময় হঠাৎ অসুস্থ হয়ে যান। এরপর রামেকে নেয়া হলে সেখানে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে দাবি করেছেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের মেজর হোসেন আরাফাত।
 
মান্দা থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, জিএস নামে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে থানায় কোন অভিযোগ নেই। বিস্তারিত তিনি জানেন না বলে ওসি জানিয়েছেন।
 
ইত্তেফাক/জামান