ফ্লোরিডাসহ কয়েকটি রাজ্যে ধ্বংস ডেকে আনতে পারে হারিকেন ‘ইরমা’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাসহ কয়েকটি রাজ্যে ধ্বংস ডেকে আনতে পারে হারিকেন ‘ইরমা’। দেশটির ফেডারেল ইমার্জেন্সি এজেন্সির প্রধান এই তথ্য জানিয়েছেন। ইতোমধ্যেই সেখানকার কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুত্হীন হয়ে পড়েছেন আরো কয়েক লাখ। স্থানীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রও বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। রবিবার ইরমা ফ্লোরিডায় আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে।
IMG0
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় ইরমার কারণে চলতি সপ্তাহজুড়ে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৭০ কিলোমিটার। পাঁচ ক্যাটাগরি থেকে চারে নামলেও ঘূর্ণিঝড়টি এখনো বিপজ্জনক অবস্থায় আছে। ফ্লোরিডায় ৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফেডারেল ইমার্জেন্সি এজেন্সির প্রধান লং জানিয়েছেন, ফ্লোরিডা এবং এর আশেপাশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে ব্যাপক হুমকির সৃষ্টি হতে পারে ইরমা। কোনো কোনো সংস্থার মতে, ইরমার তাণ্ডবে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ মাইল বা ৩২০ কিলোমিটার হতে পারে যা ইতিহাসে সর্বোচ্চ হবে। 
IMG1
ইরমায় বিদ্যুৎ কেন্দ্রগুলোও নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফ্লোরিডায় আগেভাগেই খালি করা হয়েছে রিসোর্টগুলো। স্থগিত করে দেওয়া হয়েছে বিমানের অনেক ফ্লাইট। ফ্লোরিডা থেকে যারা চলে যেতে চান তাদের জন্য আমেরিকান এয়ারলাইন্স ৯৯ ডলারের বিশেষ টিকিটের ব্যবস্থা করেছে। প্রদেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। জর্জিয়ার জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
IMG2
মিয়ামির মেয়রও জরুরি অবস্থা জারি করেছেন। মিয়ামিতে ইতিহাসে সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানার একদিনের মধ্যে হারিকেন ইরমার তাণ্ডবে মৃত্যু হয়েছে ১৯ জনের। সিএনএন, বিবিসি ও রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু