লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে সোহেল (২০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতের পরিবার, সীমান্তসূত্র ও এলাকাবাসী জানিয়েছে, শনিবার ভোরে সোহেলসহ কয়েক জন গরু পারাপারকারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের নিকট দিয়ে ভারতে গরু আনতে যায়। ভারতীয় পানিশালা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে দেখতে পেয়ে ধাওয়া করে। এসময় সোহেলকে আটক করে বেধড়ক মারপিট ও নির্যাতন করে। সোহেল প্রাণভয়ে বিএসএফের হাত থেকে পালিয়ে বাংলাদেশে আসে। মুমূর্ষু অবস্থায় তাকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু ঘটে। নিহত সোহেল ইসলামপুর গ্রামের মহসীন আলীর ছেলে।
নিহতের খালাতো ভাই রাশেদ জানান, সোহেল ফোনে জানায় বিএসএফের নির্যাতনে তার জীবন যায় অবস্থা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, বিএসএফের নির্যাতনে সোহেলের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও গরু পারাপারকারীরা এ ঘটনা নিশ্চিত করেছে।
এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশ ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, বিএসএফের নির্যাতনে মৃত্যু ঘটেছে এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাকে অন্য কেউ মেরে ঘটনা ভিন্ন খাতে নিচ্ছে কীনা এ ব্যাপারে তদন্ত করে সঠিক বলা সম্ভব হবে।
ইত্তেফাক/জামান