এবার রোহিঙ্গারা আসছে চট্টগ্রামের দিকে

 
এবার চট্টগ্রামের দিকে চলে আসতে শুরু করেছে রোহিঙ্গারা। ইতিমধ্যে চন্দনাইশ উপজেলার দোহাজারীতে চলে এসেছে কিছু রোহিঙ্গা। গণ-হত্যা, বাড়ি-ঘর জ্বালাও-পোড়াও এমন সহিংস নির্যাতনের মুখে হাজার হাজার রোহিঙ্গা নারী-পুরুষ বান্দরবান পাহাড় ও টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে।
 
শুক্রবার বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন দোহাজারী বাজারে প্রায় ১৫ জন রোহিঙ্গার একটি দল এসে পৌঁছে। এ সময় অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইদ্রিচ (২৬), হান্নান (২৪) ও জমিলা'র (৩০) সাথে আলাপকালে বলেন, 'মিয়ানমারের সৈন্যরা সেখানে গুলি করে মারছে। প্রতিদিন নতুন নতুন এলাকায় বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে। অনাহারে অর্ধাহারে, বিনা চিকিৎসায় বেঁচে থাকা কঠিন হয়ে পড়ায় আমরা কষ্ট করে এখানে পালিয়ে এসেছি।'
 
তারা আরো বলেন, 'গোপনে নৌকা দিয়ে নাফ নদী পার হয়ে টেকনাফের জালিয়া পাড়া হয়ে বান্দরবান পাহাড়ের ভিতর দিয়ে পায়ে হেঁটে অনেক কষ্ট করে দোহাজারীতে এসেছি। তারা আসার পথে তাদের দুরবস্থা দেখে অনেককেই মানবিক কারণে খাবার ও টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন বলে জানিয়েছেন।
 
পালিয়ে আসা ইদ্রিস আরো জানান- বাংলাদেশে আসার পূর্বে তাদের পূর্ব পরিচিত আত্মীয় স্বজনের মোবাইল নম্বর নিয়ে এসেছে। তাদের সাথে যোগাযোগ করে গন্তব্যস্থানে চলে যান। এদিকে গত কয়েকদিনে উপজেলা হাশিমপুর, দোহাজারী বর্মা কলোনি ও ধোপাছড়ি পাহাড়ি এলাকায় প্রায় কয়েক শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছেন বলে এলাকার ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, আবদুল্লা আল নোমান বেগ ও ধোপাছড়ির চেয়ারম্যান মোরশেদুল আলম নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান