সরকার চলনবিলবাসীর পাশে আছে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যেভাবে চলনবিলের বন্যা পরিস্থিতি মোকাবিলাসহ বানভাসী মানুষের পাশে দাঁড়ানো হয়েছিল। বন্যার পানি নেমে যাওয়ার পরও ঠিক একই ভাবে বানভাসী এসব ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন ও সাবলম্বী করতে সরকার পাশে থাকবে। এতে চলনবিলের মানুষ আবারও ঘুরে দাঁড়াবে। 
 
শনিবার সকাল ১০টার সময় নাটোরের সিংড়া উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য ত্রাণের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক বন্যায় সিংড়া উপজেলা ও পৌরসভায় ১২১টি গ্রামের ৯ হাজার ৩২০টি পরিবারের ৪১ হাজার ৯৪০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ হাজার ৮১০ হেক্টর জমির ফসল, ৪৮০মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও ৯০২টি পুকুর ভেসে গেছে।
 
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ হাজার ২৯০ জন মানুষের জন্য ২৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল। তাদের জন্য খাবার, ওষুধপত্রসহ সকল সহায়তা দেয়া হয়েছে। তারা যাতে ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্য আশ্রয় কেন্দ্রের পাঁচ হাজার জনগোষ্ঠির জন্য ১২টি গরু ও ১১ খাসি কোরবানী দেওয়া হয়েছে। সরকারি ভাবে ইতোমধ্যে ২৫০ মেট্রিক টন জিআর চাল ও ১০ লাখ ৪০ হাজার টাকা জিআর ক্যাশ বিতরণ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন ও সাবলম্বী করতে নতুন করে তালিকা করা হচ্ছে। তাদের জন্যে মন্ত্রণালয়ের কাছে দুই হাজার বান্ডিল ঢেউটিন ও আড়াই কোটি টাকার চাহিদাপত্র পাঠানো হয়েছে।
 
এজন্য প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। চলনবিলের ক্ষতিগ্রস্ত মানুষকে আবারও সাবলম্বী করে গড়ে তোলা হবে। সঠিক ভাবে তালিকা প্রণয়ন হলে কোন ক্ষতিগ্রস্ত পরিবার এই সহায়তা থেকে বঞ্চিত হবে না বলে জানান প্রতিমন্ত্রী।
 
ইত্তেফাক/এমআই