সহপাঠীর হাতে স্কুলছাত্র খুন, আটক ৬

 
সাভার উপজেলার আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠীর ধারলো অস্ত্রের আঘাতে আল-আমিন শেখ নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্র খুন হয়েছে। আশুলিয়ার পলাশবাড়ি পশ্চিমপাড়া এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
 
আল-আমিন মানিকগঞ্জের দৌলতপুর থানার চরকাটারি গ্রামের আইয়ুব আলীর ছেলে। আইয়ুব আশুলিয়ায় চাকরি করেন। সেই সুবাদে আল-আমিন ও তার মা-বাবা ওই এলাকার মনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকত। সে স্থানীয় মণ্ডল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
 
নিহতের ঘটনায় ৩ শিক্ষার্থী ও নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত তিন শিক্ষার্থীরা হলো- ইমরুল কায়েস (১৫), সিফাত (১৪) ও আকাশ (১৫)। তারা তিনজনই স্কুল শিক্ষার্থী। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
 
আল-আমিনের বাবা আইয়ুব আলী জানান, সকালে আল-আমিন কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। দশটার দিকে ইমরুল নামে এক সহপাঠী খবর দেয় আল-আমিন গুরুত্বর আহত অবস্থায় গণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে। এ কথা শুনে হাসপাতালে পৌঁছে তাকে  মুমূর্ষু  অবস্থায় জরুরি বিভাগে পাওয়া যায়। পরে অবস্থার অবনতি ঘটলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল জানান, এঘটনায় ৩ স্কুল শিক্ষার্থী ও নারীসহ ৬জনকে আটক করা হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/ আরকেজি