১০ দিন বিরতির পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী রবিবার থেকে আবার ধারাবাহিক সংলাপ শুরু হচ্ছে।
এদিন দুটি ইসলামী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি)। বেলা ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে আয়োজিত সংলাপে চারজন নির্বাচন কমিশনার ও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত থাকবেন।
গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। প্রথমদিনের সংলাপে অংশ নেয় বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি-বিএনএফ জামালপুরে ত্রাণ কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে সংলাপে অংশ নিতে পারেনি। ইতিমধ্যে মুক্তিজোটসহ নিবন্ধিত ৪০ দলের মধ্যে ৫টির সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে কমিশন। এর আগে ৩১ জুলাই সুশীল সমাজ এবং ১৬ ও ১৭ আগস্ট সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে এ সংলাপ করেছে কমিশন। সংলাপে অংশগ্রহণ করা অংশীজনের দেয়া সুপারিশ ও পরামর্শগুলো প্রস্তাবকারে সরকারসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর কথা রয়েছে কমিশনের।
ইত্তেফাক/ইউবি