যে দোয়া পড়লে আগুনে পুড়ে মৃত্যুর হাত থেকে বাঁচবেন

জীবন ও মৃত্যুর মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। তিনিই সকলের সৃষ্টিকর্তা এবং তাঁর সৃষ্ট সকলকেই একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। এটাই চিরন্তন সত্য। তবে দুর্ঘটনায় কিংবা আগুনে পুড়ে মৃত্যুবরণ করা একটি মর্মান্তিক ঘটনা। হাদিস পাকে আমাদের প্রিয় নবি (সা.) মুমিনদের বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু থেকে বাঁচার উপায় শিখিয়েছেন।  

হাদিস শরীফ থেকে জানা যায়, প্রিয় নবি (সা.) আগুনে দগ্ধ হওয়াসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে এ দোয়াটি পড়তেন। যারা এ দোয়াটি নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাদেরকে আগুনে দগ্ধ হওয়াসহ অনেক দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। হজরত আবুল ইয়াসার (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলতেন:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَالْهَدْمِ، وَالْغَرَقِ، وَالْحَرِيقِ، 
وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، 
وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، 
وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গারাক্বি ওয়াল হারিক্বি। ওয়া আউজুবিকা আইঁ ইয়াতাখাব্বাত্বানিশ শায়ত্বানু ইংদাল মাওতি, ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা। ওয়া আউজুবিকা আন আমুতা লাদিগা। (ইবনে মাজাহ)

অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাই
- উঁচু স্থান থেকে পড়ে এবং
- কোনো কিছুর নিচে চাপা পড়ে এবং
- আগুনে পুড়ে যাওয়া এবং পানি ডুবে যাওয়া থেকে।
আর আপনার কাছে আশ্রয় চাই
- মৃত্যুকালে শয়তান যেন আমাকে বিপথগামী করতে না পারে।
এবং আপনার কাছে আশ্রয় চাই
- আপনার পথে জিহাদ করার সময় যেন পালিয়ে মৃত্যুবরণ না করি।
এবং আপনার কাছে আশ্রয় চাই
- যেন সাপ-বিচ্ছুর মৃত্যুবরণ না করি।

আরও পড়ুন:  সেন্টমার্টিনে ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন

হজরত ইবরাহিম (আ.) এর জন্য প্রজ্জ্বলিত করা আগুনের লেলিহান শিখা বন্ধ হতে আল্লাহ তাআলা আগুনকে যে নির্দেশ দিয়েছিলেন, তাও বেশি বেশি পড়ে আল্লাহর কাছে আগুণ বন্ধ হওয়ার জন্য দোয়া করা:

يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ

উচ্চারণ: 'ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইবরাহিম'।

অর্থ: 'হে আগুন! তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও'।

কোথাও আগুন লাগলে তা দেখে উচ্চস্বরে 'আল্লাহু আকবার' (اَللهُ اَكْبَر) তাসবিহ পড়া এবং আজান দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আগুনে মৃত্যুবরণ করা থেকে বিরত থাকাসহ বিপদ-আপদ ও দুর্ঘটনা থেকে হেফাজত থাকতে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।

ইত্তেফাক/ জেডএইচডি