মুহাম্মাদ শরিফুজ্জামান
রাজশাহী রেলস্টেশনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাসুদ ভাইয়ের সাথে দেখা হলো। সামগ্রিক খোঁজখবর নেওয়ার পর ভাইকে প্রশ্ন করলাম, ‘ভাই, এখন কোথায় যাচ্ছেন?’
ভাই বললেন, ‘স্টেশনে যাচ্ছি, রাজশাহী টু ঢাকাগামী ট্রেনের টিকিট কাটতে।’
আমি ঢাকা যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বললেন, ‘মনোনয়ন ফরম নিতে যাচ্ছি।’
আমি বিস্ময় প্রকাশ করলাম, ‘মনোনয়ন ফরম! ভাই, এবার নির্বাচন করবেন নাকি?’
ভাই ভ্রুকুঞ্চন করে বললেন, ‘আরে না, কী যে বলিস!’
প্রশ্ন রাখলাম, ‘তাহলে মনোনয়ন ফরম দিয়ে কী করবেন?’
ভাই বললেন, ‘তুই তো জানিস, প্রিয়া আমার একমাত্র ক্রাশ। আর সে থাকে ঢাকায়। কিছুদিন আগে ফেসবুকে আমি তাকে আমার মনের কথা বলেছি। সে আমাকে বলল, প্রায় দুই ডজন ছেলে নাকি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। কিন্তু কাউকেই সে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ বলেনি। তাই এবার সিদ্ধান্ত নিয়েছে, সে উচ্চমূল্যে মনোনয়ন ফরম বিক্রি করবে। তার সাথে যারা প্রেম করতে চায় তাদের সবাইকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে। একটি নির্দিষ্ট তারিখে সেটা জমা দিতে হবে। সে যাচাই-বাছাই করে মাত্র একজনকে বেছে নেবে।’
ভাইয়ের কথা শুনে আমি আমার চেতনা হারিয়ে ফেলেছিলাম। চেতনা ফিরলে দেখি, আমি হাসপাতালের বিছানায়!
২.
নাসিম ভাই আমার ফুফাতো ভাই, দেখতে সুদর্শন। কিছুদিন আগে তার সাথে দেখা হলো। তিনি আমার খোঁজখবর নেওয়ার পর বললেন, ‘বুঝলি বাপ্পি, এবার আমি নির্বাচনী মনোনয়ন ফরম কিনব।’
আমি বেশ উচ্ছ্বাসিত হয়ে বললাম, ‘বাহ! খুব ভালো হবে। তা আপনি সরকার দলীয় মনোনয়ন কিনবেন না বিরোধী দলীয়?’
ভাই মুচকি হেসে বললেন, ‘দুটোই।’
আমি বিস্ময় প্রকাশ করলাম, ‘দুটো কেন?’
ভাই বললেন, ‘আসলে আমি মনোনয়ন ফরম কিনব, কিন্তু নির্বাচন করব না।’
আমি ভ্রুকুঞ্চন করে বললাম, ‘ভাই, রসিকতা করবেন না। সিরিয়াসলি বলেন।’
ভাই বললেন, ‘সিরিয়াসলিই বলছি। মনোনয়ন কিনে রেখে দেব। নির্বাচন করব না।’
মনোনয়ন ফরম কিনে নির্বাচন না করার কারণ জানতে চাইলে ভাই বললেন, ‘আগামী নির্বাচনে যদি বর্তমান সরকার জয়ী হয়ে, তবে আমার সরকারি দলের যে মনোনয়ন ফরম আছে সেটা দেখিয়ে অনেক কাজ করে নিতে পারব। তখন বুক ফুলিয়ে বলতে পারব, আমি সরকারি দলের লোক। আর যদি আগামী নির্বাচনে বিরোধী দল জয়ী হয় তবে আমার বিরোধী দলীয় যে মনোনয়ন ফরম আছে, সেটা দেখিয়েও অনেক কাজ করে নিতে পারব। তখন তাদের বলতে পারব, আপনাদের দুঃসময়ে আমি আপনাদের মনোনয়ন ফরম কিনে পাশে ছিলাম।’
নাসিম ভাইয়ের কথা শুনে ক্ষণিকের জন্য আমি আমার বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম!