কারখানা নদীর ভাঙনে নিমজ্জিত বিআইডব্লিউটিএ’র লঞ্চ টার্মিনাল

উপজেলা ফরিদপুর ইউনিয়নের কারখানা নদীর ভাঙনে বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল নিমজ্জিত হয়েছে। গত শুক্রবার টার্মিনালটি নিমজ্জিত হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, দুই বছর আগে ফরিদপুরে লঞ্চঘাটটি যাত্রীদের সুবিধার্থে দেয়া হলেও ভাঙনের কারণে ঘাটটি নদীতে নিমজ্জিত হয়। ঘাট না থাকায় পূর্বাঞ্চলের যাত্রীরা দুর্ভোগে পড়েছে। প্রচণ্ড স্রোত নদীর ভাঙনে পিচঢালাই রাস্তা, ঘরবাড়ি, দোকান-পাট, গাছ-পালাসহ টার্মিনালটি কারখানা নদীতে নিমজ্জিত হয়ে যায়। ডুবে যাওয়া লঞ্চঘাট উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএকে অবহিত করা হয়েছে।

স্থানীয় ইজারাদার জামাল সরদার জানান, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে টার্মিনাল ডুবে যাওয়ায় মুঠোফোনে অবহিত করলে তারা কোনো গুরুত্ব দেয়নি। বেশ কিছু দিন আগে টার্মিনালটি লঞ্চের ধাক্কায় দুই পাশ ছিদ্র হয়ে যায়। স্থানীয় লোকেরা ছিদ্র অবস্থায় টার্মিনালটি গাছের সাথে বেধে রাখা হয়। পরে পানির চাপে গাছ-পালাসহ টার্মিনালটি নিমজ্জিত হয়।

ফরিদপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম সফিকুর রহমান জানান, লঞ্চ টার্মিনালটি দেওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল। ভাঙনের কারণে এলাকার যাত্রীদের দুর্ভোগ বেড়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীনকে নদী ভাঙন ও টার্মিনাল ডুবে যাওয়ার ঘটনা জানানো হয়েছে। তিনি বরিশাল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে অবহিত করেন।

ইত্তেফাক/নূহু