‘জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সরকার কাজ করছে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সরকার কাজ করছে। তিনি বলেন, আগামী ২০১৮ সাল নাগাদ বাঘা-চারঘাটের অলি-গলি ও ভাঙ্গাচুরা রাস্তাসহ সকল রাস্তা পাকাকরণ করা হবে যাতে জনগণকে আর দুর্ভোগ পোহাতে না হয়। 
 
প্রতিমন্ত্রী গত শুক্রবার বাঘা উপজেলার পীরগাছা মসজিদ থেকে বটতলা পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। 
 
বাঘা উপজেলার পীরগাছা মসজিদ হতে ঈদগাহ ভায়া বটতলা পর্যন্ত ৫০০ মিটার রাস্তা নির্মাণে প্রায় ২৮ লাখ টাকা ব্যয় হবে এবং ২৩ লাখ টাকা ব্যয়ে পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন এলজিইডির তত্ত্বাবধা‌নে নির্মিত হবে। 
 
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে স্কুল ভবন নির্মাণ, রাস্তাঘাট সংস্কার,ঘরে ঘরে বিদ্যুৎ ও তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাসহ প্রতিটি সেক্টরে সরকার নানামুখী উন্নয়ন করেছে। তিনি বলেন, সরকারের উন্নয়নের গতি সহ্য করতে না পেরে স্বাধীনতা বিপক্ষের শক্তি কোন ইস্যু ছাড়াই উন্নয়নে বাধা সৃষ্টি করছে। কারণ তারা চায় না দেশে উন্নয়ন হোক, জনগণ সুখে শান্তিতে বসবাস করুক। 
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণকে ভালোবাসে বলেই এবারের বন্যায় জনগণের দুয়ারে দুয়ারে আশানুরূপ ত্রাণ পৌঁছে দিয়েছে। 
 
ইত্তেফাক/এমআই