আগামী জানুয়ারি থেকে আর অভিনয় করবেন না জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। ডিসেম্বরের মধ্যে চুক্তি হওয়া সমস্ত কাজ শেষ করবেন বলে ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করলেন এই অভিনেতা।
রবিবার সন্ধ্যায় ইত্তেফাক অনলাইনকে চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দেয়ার প্রসঙ্গে মিশা বলেন, জানুয়ারি থেকে আর কোন ছবিতে কাজ করবো না। যেসব ছবিতে কাজ করার কথা রয়েছে, সেগুলো চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করবো।
কেন ছেড়ে দিচ্ছেন কারণ জানতে চাইলে মিশা বলেন, ‘এটা আসলে একান্তই ব্যক্তিগত কারণে, মূলত পরিবারকে একটু সময় দিতে চাচ্ছি।’
কথা প্রসঙ্গে তিনি এই পারিবারিক কাজ হিসেবেও বলেন, বড় ছেলের আমেরিকায় পড়াশুনায় তাকে সময় দেয়া, ছোট ছেলেটাকে স্কুলে নিয়ে যাওয়া, এমনকি নিজ হাতে বাজার করতে যাওয়ার মতো ইচ্ছেও পোষণ করেন মিশা। মিশার ভাষায়, শেষ বয়সে একটু নিজের হাতে ছোটমাছ বাজার কিনতে চাই, ভোজনবিলাসী মানুষ তো।’
মিশা আরো বলেন, ‘অনেকে তো শেষ সময়ে অবসরে যায়, আমি না হয় পিক আওয়ার থাকতে থাকতে বিদায় জানিয়ে অভিনয় ছেড়ে দেই।’
IMG0
১৯৮৬ সাল থেকে মিশা সওদাগর চলচ্চিত্রে কাজ শুরু করেন। এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন তিনি। ছটকু আহমেদ পরিচালিত 'চেতনা' ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন ১৯৯০ সালে। এরপর 'অমরসঙ্গী' ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন। পরবর্তীতে তমিজ উদ্দিন রিজভীর 'আশা ভালোবাসা' ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় শুরু করেন। সেখান থেকেই তার সাফল্য শুরু।
এরপর প্রায় ৯০০ ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় এ খলনায়ক। শিল্পী সমিতির বর্তমান সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন মিশা।
শিল্পের অস্থিতিশীলতা কিংবা কোন ক্ষোভ থেকে সরে যাওয়া কিনা, জানতে চাইলে মিশা বলেন-হল মালিকদের সঙ্গে সমঝোতা, রো সঙ্গে আমার কোনো ঝামেলা নেই, যৌথ প্রযোজনা চলচ্চিত্র নিয়ে সমাধান কিংবা সার্বিকভাবে ইন্ডাস্ট্রি এখন খুব ভাল অবস্থানে রয়েছে, এজন্য বলা যাবে না যে, চলচ্চিত্র শিল্প এখন খারাপ অবস্থানে রয়েছে।
তবে অভিনয় থেকে সরে গেলেও সব সময়ই শিল্পের পাশে থাকবেন বলে জানালেন মিশা সওদাগর। এমনকি শিল্পী সমিতির সভাপতিও দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন বলেও জানান তিনি।
ইত্তেফাক/এমএআর