যানবাহন চলাচলের তিন মাসের মধ্যে ভেঙে গেছে মেঘনার প্রধান সড়ক

যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ার তিন মাসের মাথায় ভেঙে গেছে ভাটেরচর সড়ক। কিছুদিন যানবাহন চলাচলের পরেই সড়কটির স্থানে স্থানে ইট-খোয়া ওঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়। কাজের মান খারাপ হওয়ার কারণে অল্প কিছুদিনের মধ্যে রাস্তাটি ভেঙে গেলেও ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী বলছেন অন্য কথা। তিনি বলেন, এ এলাকার মাটি ভালো না হওয়ায় বালি দ্বারা রাস্তাটি নির্মাণ করায় রাস্তা ভেঙে যাচ্ছে। এদিকে কেউ কেউ বলছেন এলজিইডির রাস্তার উপর দিয়ে ঈদুল আযহার কিছুদিন পূর্ব থেকে বিআরটিসির বাস চালু করায় রাস্তাটি ভেঙে যাচ্ছে।

মানিকারচর বাজার থেকে পারারবন্দ এলাকা পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ শেষ হলেও জেলা শহর কুমিল্লার সাথে সড়কপথে মেঘনা উপজেলায় এই প্রথম যোগাযোগ স্থাপিত হয়। নতুন এই সড়কটির অবস্থা একেবারেই করুণ।

এ সড়কটির স্থানে স্থানে ইট-খোয়া ওঠা ছাড়াও এমন গর্তের সৃষ্টি হয়েছে হয়ত কিছুদিন পর এ সড়কে যানবাহন চলাচলই করতে পারবে না। মানিকারচর সড়কের কাজের মান নিয়ে প্রশ্ন করা হলেও এলজিইডি কর্তৃপক্ষ একই বক্তব্য দিয়ে বলে, বালি দিয়ে সড়ক নির্মাণ করায় তা ভেঙে যাচ্ছে। উল্লেখ্য, এই দুইটি রাস্তা নির্মাণের পূর্বে সড়কপথে রাজধানী ঢাকা এবং জেলা শহর কুমিল্লার সাথে মেঘনা উপজেলার কোনো প্রকার যোগাযোগ ছিল না।

ইত্তেফাক/নূহু