এম হোসাইন
হাজারো ব্যস্ততার মধ্যে হঠাত্ ফোন বেজে উঠলে হাত খালি করে তা ধরতে একটু সমস্যাই হয়। আর তখন যদি দেখা যায়, সে ফোনটি আসলে ধরার মতো কোনো কলই ছিল না। তখন মেজাজ বিগড়ে যাওয়াটাই স্বাভাবিক। দিনভর একাধিক স্প্যাম কলে বিরক্ত হতে হয় অনেককেই। কাস্টমার কেয়ার সার্ভিস, জীবনবিমা, ক্রেডিট কার্ডের মতো বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। যা সাধারণত কাজের থেকে অকাজেরই বেশি হয়। অনেকেই এই ধরনের ঝামেলা থেকে মুক্তির পথ খুঁজছেন। জেনে নিন, এমনই কিছু সহজ পদ্ধতি যা আপনাকে অবাঞ্ছিত কলের ঝামেলা থেকে নিস্তার দেবে
কলারকে ব্লক করে দিন
অবাঞ্ছিত কল থেকে বাঁচার অনেকগুলো সার্ভিস রয়েছে। কোনো সার্ভিস যদি অ্যাকটিভেট করতে না চাইলেও সমস্যা নেই। শুধু অবাঞ্ছিত কলটির নম্বর দেখে সেটিকে ব্লক লিস্টে ফেলে দিন। তাছাড়াও ট্রু কলারের মতো কোনো অ্যাপ ব্যবহার করলে ফোন রিসিভ করার আগেই দেখিয়ে দেয় সেটি স্প্যাম কল কিনা। ফোন বাজলে কলটি কেটে নম্বরটি ব্লক করে দিলেই সমস্যা মিটে গেল।
রিপোর্ট স্প্যাম ফিচার ব্যবহার করুন
আপনার স্মার্টফোনেই রিপোর্ট স্প্যাম অপশনটি পাবেন। যদি কোনো নম্বর থেকে লাগাতার বিরক্তিকর কল আসতেই থাকে তবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে অভিযোগ করতে পারেন। এছাড়াও ন্যাশনাল সার্ভিস ৯৯৯-এ কল করেও অভিযোগ জানাতে পারেন।
অনলাইন সাইটগুলিতে ফোন নম্বর দেবেন না
বিভিন্ন রকম অনলাইন সাইটে সার্ফিং করতে গেলে আপনার মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্ট্রার করতে বলে। আপনিও নানা তথ্য পেতে তা করেও থাকেন। কিন্তু সমস্ত ওয়েবসাইটে মোবাইল নম্বর দেওয়া মানে নিজের বিপদই বাড়ানো। কারণ অনেক ওয়েবসাইটই স্প্যামারদের কাছে মোবাইল নম্বর বিক্রি করে।
অ্যাপ ইনস্টল করুন
গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই একাধিক স্প্যাম কল ব্লকার অ্যাপ পাওয়া যাবে। সেটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। তাহলে আর অবাঞ্ছিত কল নিয়ে সমস্যায় পড়তে হবে না আপনাকে।