ত্রিশালে গোলাগুলিতে ডাকাত ও গণপিটুনিতে গরুচোর নিহত

ময়মনসিংহের ত্রিশালে ডিবি পুলিশের সাথে ডাকাত দলের গোলাগুলিতে অজ্ঞাত এক ডাকাত ও গণপিটুনিতে অজ্ঞাত এক গরু চোর নিহত হয়েছে।
 
ত্রিশাল থানা সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিগোরকান্দা গ্রামে জিৎকির পুল নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের সাথে গুলির ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত এক ডাকাত (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ এ সময় একটি দেশীয় অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
 
অপরদিকে উপজেলার বৈলর সালামের নামক স্থানে সোমবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে অজ্ঞাত এক গরু চোর (৩০) নিহত হয়। পরে জনতা চুরি হওয়া একটি গরু উদ্ধার করে।
 
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানায় আনা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই