ভাঙ্গায় পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

 
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনাময়ী গ্রামে রবিবার গভীর রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খালিদ হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত খালিদ হোসেন ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মনির উদ্দিন মিয়ার ছেলে। 
 
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন জানায়, সংবাদ পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করি। লাশ ফরিদপুর সদর থানার পুলিশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে।
 
চান্দ্রা ইউপি চেয়ারম্যান গিয়াস খালাশি জানান, খালিদ হোসেনের সাথে একই গ্রামের পান্নু মুন্সির কিছু আর্থিক লেনদেন ছিল। খালিদ হোসেন ওই টাকা একাধিক বার টাকা চাইলেও পান্নু মুন্সি টাকা না দিয়ে উল্টো তাকে বিভিন্ন সময়ে হুমকি দিতেন। রবিবার গভীর রাতে খালিদ হোসেনকে তার পাওনা টাকা ফেরৎ নিতে পান্নু মুন্সি মোবাইলে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যান। ঘণ্টাখানেক পর খালিদের চাচাতো ভাই হেলাল উদ্দিন মিয়াকে পান্নু মুন্সি ফোন করে তার ভাইকে নিয়ে যেতে বলেন। হেলাল উদ্দিন ঘটনাস্থল হায়দার হোসেনের বাড়ির কাছে পৌঁছে তার ভাইকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনার পর পান্নু মুন্সি ও তার সহযোগী সৌরভ কয়ালসহ বেশ কিছু গ্রামবাসী গা ঢাকা দিয়েছেন। এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। 
 
ইত্তেফাক/কেকে