কাশ্মীরের সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জঙ্গি নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুলগাম অঞ্চলে সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে খবরে জানা গেছে, এসময় অপর এক জঙ্গিকে আটক করতে সমর্থ হয়েছে সেনারা। এছাড়া উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র।
 
মৃত ২ জঙ্গির নাম দাউদ আহমেদ আলি এবং শইয়ার আহমেদ ওয়ানি। তারা জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানিয়েছে সেনারা। তারা আরো জানায়, রবিবার রাতে কুলগামের খুদওয়ানি গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে দ্রুত এলাকাটি ঘিরে ফেলে সেনা ও পুলিশের যৌথবাহিনী। শুরু হয় চিরুনি তল্লাশি।
 
তবে পালানোর পথ না পেয়ে জওয়ানদের দিকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এসময় উভয় পক্ষের গুলোগুলিতে মৃত্যু হয় জঙ্গিদের। মৃত জঙ্গিদের কাছ থেকে একে-৪৭ রাইফেলসহ প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু