পাবনায় আহতাবস্থায় উদ্ধার যুবকের মৃত্যু

পাবনা সদর উপজেলার মাধপুর তেবাড়িয়া ব্রিজের নিচ থেকে আহতাবস্থায় উদ্ধার করা যুবক রানা মৃধা (২৫) মারা গেছেন। সোমবার ভোরে তার মৃত্যু হয়। মৃত রানা মৃধা ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের হাসেম আলী মৃধার ছেলে।
 
নিহতের চাচা মানিক মৃধা জানান, রবিবার দুপুরে রানা মৃধার মামা শ্বশুড় সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আলাই শেখ মোবাইলফোনে রানাকে তার বাড়িতে বেড়ানোর কথা বলে ডেকে নেন। পরে বিকেলে ফোনে রানার সাথে স্বজনরা যোগাযোগ করলে জানান, ব্যস্ত আছি, পরে কথা বলছি। সন্ধ্যা সাতটার দিকে মাধপুর তেবাড়িয়া ব্রিজের নিচে গুরুতর আহত অবস্থায় রানা মৃধাকে দেখতে পেয়ে পরিবারকে জানায় স্থানীয়রা। স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সোমবার ভোরে রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই