চুনারুঘাটে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

 
হবিগঞ্জের চুনারুঘাটে আবারো পাহাড়ি ঢলে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ভেঙ্গে গেছে। ফলে সাবেক ঢাকা-সিলেট মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তা ক্ষতিগ্রস্থ হওয়ায় সোমবার ভোর ৪টায় একটি মাইক্রোবাস রাস্তা থেকে ব্রিজের নিচে পড়ে যায়। এতে করে পাঁচ যাত্রী আহত হয়েছেন। 
 
রবিবার রাতে প্রচন্ড পাহাড়ি ঢলে উপজেলার রামগঙ্গা চা বাগানে সাবেক ঢাকা-সিলেট  মহাসড়কের এই ব্রীজের অ্যাপ্রোচ সড়ক ক্ষতিগ্রস্থ হলে ব্রিজটি রাস্তা থেকে ১০/১৫ ফুট ফাঁকা হয়ে আলাদা হয়ে যায়। এর আগে গত ১০ জুন ওই ব্রিজের পাশে চন্ডিচড়া চা বাগানে আরেকটি ব্রিজ ক্ষতিগ্রস্থ হয়।
 
IMG0
 
পরে প্রায় এক মাস পর রাস্তাটি চালু হয়েছিল। রাতের বেলা ব্রিজ থেকে রাস্তা আলাদা হওয়ায় ভোরে একটি মাইক্রোবাস ব্রিজটি অতিক্রম করতে চাইলে সেটি ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে যায়। এতে করে গাড়িতে থাকা পাঁচ যাত্রী আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়। 
 
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হামিদুল ইসলাম জানান, সোমবার সকাল থেকেই তিনি ঘটনাস্থলে আছেন। ২/৩ দিনের মধ্যে বিকল্প ব্যবস্থায় সড়কটি চালু করা হবে। পরবর্তীতে দ্রুত সময়ে টেন্ডারের মাধ্যমে স্থায়ী সমাধান করা হবে।
 
ইত্তেফাক/কেকে