ভাণ্ডারিয়ায় শিক্ষককে পিটিয়ে হত্যা

 
ভাণ্ডারিয়ার পশ্চিম পশারীবুনিয়া মাদার্সী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাতে মাওলানা নাসীর উদ্দিন নামে ওই শিক্ষককে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করলে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন।এ ঘটনায় মামলা হলে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
 
জানা গেছে, জমি নিয়ে নাসীরের সঙ্গে একই বাড়ির ছালাম হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সালিস বৈঠকে ছালাম ও তার লোকজন  মীমাংসায় রাজি হননি।রবিবার রাতে নাসীরের সঙ্গে  ছালামের বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে ছালাম ও তার লোকজন নাসীরের উপর হামলা চালায়। তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয় পরিবারের সদস্যরা। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
এ ঘটনায় নিহতের ছেলে মো. শাহীন হাওলাদার বাদী হয়ে ১৩জনকে আসামি করে মামলা করেছেন। ভাণ্ডারিয়া থানার  ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, প্রধান আসামি ছালাম (৫৫), তার ছেলে রমিন হাওলাদার (২০) ও ভাগিনা মিজানকে গ্রেফতারের পর  সোমবার কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি