ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ও গণপিটুনিতে নিহত দুই

 
ময়মনসিংহের ত্রিশালে  সোমববার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ বলছে ‘বন্দুকযুদ্ধ’। অপরদিকে গরু চুরি করে নিয়ে যাবার পথে বৈলর এলাকায় গণপিটুনিতে একজন নিহত হয়েছে।
 
বন্দুকযুদ্ধে নিহত যুবক রব্বানী ডাকাত সর্দার বলে পরিচয় পাওয়া যায়। তবে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। ডিবির ওসি মো. আশিকুর রহমান জানান, রব্বানীর বাড়ি বগুড়ায়।
 
ত্রিশাল থানার ওসি জাকিউল ইসলাম জানান, উপজেলার  জিটকা গ্রামে ভোরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতরা। জেলা গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা তাদের উপর হামলা ও গুলি চালায়। পরে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে ডাকাত দলের এক সদস্য গুরুতর আহত হয়। এসময় ডাকাতদলের বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ডাকাত সর্দার রব্বানীকে ত্রিশাল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে ভোরে গরু চোর সদস্যরা ৩/৪টি গরু নিয়ে বৈলর বাজারে অপেক্ষমান একটি পিকআপ ভ্যানে তোলার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তা দেখে ডাক-চিৎকার শুরু করে।পরে একজনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
 
গণপিটুনি ও বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ সুপার জানান।
 
ইত্তেফাক/ আরকেজি