হাজারীবাগে চটপটি বিক্রেতা গুলিবিদ্ধ

রাজধানীর হাজারীবাগের জিগাতলায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল বারেক (৪২) নামে এক চটপটি বিক্রেতা আহত হয়েছেন। 
 
গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জিগাতলা নতুন রাস্তা অগ্রণী ব্যাংকের পেছনের একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
গুলিবিদ্ধ বারেক জানান, জিগাতলার একটি বাসায় ভাড়া থাকেন তিনি। নতুন রাস্তায় তিনি চটপটি বিক্রি করেন। রবিবার রাতে কয়েকজন যুবক দরজা নক করে। দরজা খোলার পর তারা নকিব ড্রাইভার কে-তা জানতে চায়। নকিব ড্রাইভারের কক্ষ তিনি ইশারা দিয়ে দেখিয়ে দেন। যুবকরা সেখানে গিয়ে নকিবকে না পেয়ে তার কাছে ফিরে আসে। এরপরই তাদের একজন পিস্তল দিয়ে পরপর তিন রাউন্ড গুলি করে। একটি গুলি তার ডান পায়ের উরুতে লাগে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে। 
 
হাজরীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা আমরা নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
 
ইত্তেফাক/ইউবি