ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করায় বগুড়া সরকারি শাহসুলতান কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে ভাঙচুর করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লাঞ্ছিত হন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. এজাজুল হক। সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
তবে ছাত্রলীগ নেতারা এ ঘটনা অস্বীকার করেছেন । তারা দাবি করেন, কলেজের অধ্যক্ষ বিধিবহির্ভূত ভাবে শিক্ষার্থীদের কাছ থেকে আইসিটি ল্যাবের জন্য ৩শ’ করে টাকা নিচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করেছেন নেতাকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ শিক্ষার্থীরা জানান, এইচএসসি পরীক্ষা চলাকালে নকলের অভিযোগে এক শিক্ষক ছাত্রলীগ কর্মী জোবায়ের হাসান জয়ের খাতা কেড়ে নেন। এ সময় ওই শিক্ষককে উপস্থিত সবার সামনে লাঞ্ছিত করেন জয়। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল।
সেই ধারাবাহিকতায় সোমবার জয় ব্যবহারিক পরীক্ষা দিতে আসলে অধ্যক্ষ তার খাতা কেড়ে নেন এবং তাকে বহিষ্কার করে পরীক্ষা হল থেকে বের করে দেন।
খবর পেয়ে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এমনকি কলেজ ছাত্রলীগের সভাপতি বিশ্বজিৎ কুমার সাহার নেতৃত্বে নেতাকর্মীরা অধ্যক্ষের অফিস কক্ষ ছাড়াও কলেজের অফিস কক্ষে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তারা অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালাগালি ও লাঞ্ছিত করে।
বিশ্বজিৎ কুমার সাহা বলেন, কলেজের অধ্যক্ষ বিধিবহির্ভূত ভাবে শিক্ষার্থীদের কাছ থেকে আইসিটি ল্যাবের জন্য ৩শ’ করে টাকা নিচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সেই অন্যায় ঘটনার প্রতিবাদ করেছেন নেতাকর্মীরা।
অধ্যক্ষ অধ্যাপক মো. এজাজুল হক বলেন, কলেজের নির্দিষ্ট রশিদের মাধ্যমে আইসিটি ল্যাবের ফি নেওয়া হচ্ছে। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।
তিনি বলেন, মূলত নকল করার অপরাধে এক ছাত্রকে বহিষ্কারের পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা তার অফিস কক্ষে আসে এবং অশালীন আচরণ শুরু করে। এক পর্যায়ে তারা অফিস কক্ষের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
ইত্তেফাক/ আরকেজি